ভৈরবে জনতা ব্যাংকের কর্মচারীর লাশ উদ্ধার

চারদিন আগে নিখোঁজ হন আলমগীর হোসেন। আজ বুধবার সন্ধ্যায় স্থানীয়রা রেললাইনের পাশে ঝোপের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার করে।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Bhairab
নিহত ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন
নিহত ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চারদিন পর রেললাইনের পাশ থেকে জনতা ব্যাংকের কর্মচারী আলমগীর হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মিরারচর এলাকা থেকে ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন জনতা ব্যাংক ভৈরব শাখায় কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর লম্বাহাটি গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে। তার শ্বশুরবাড়ি ভৈরবের কালিকাপ্রসাদ আদর্শপাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত চারদিন আগে নিখোঁজ হন আলমগীর হোসেন। আজ বুধবার সন্ধ্যায় স্থানীয়রা রেললাইনের পাশে ঝোপের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার করে। এ সময় ভৈরব রেলওয়ে পুলিশও সাথে ছিল। লাশের পাশ থেকে একটি বোতল উদ্ধার করা হয়। ওই বোতলে বিষ জাতীয় পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশের ঝোপ থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’