গ্রাহক হয়রানি কমানো, দীর্ঘ লাইনের ভোগান্তি এড়ানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন এ ব্যবস্থায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেল চালক পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেটকার চালক সর্বোচ্চ দুই হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা অ্যাপের মাধ্যমে সরাসরি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা নিতে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকরা যেন দীর্ঘ লাইনের ভোগান্তি এড়িয়ে স্বাচ্ছন্দ্যে তেল নিতে পারেন এবং কেউ যেন অবৈধ উপায়ে তেল মজুত করতে না পারেন, সে লক্ষ্যেই এই অ্যাপটি চালু করা হলো।’
তিনি আরো বলেন, ‘যেকোনো পেট্রোল পাম্প থেকে একবার তেল নেয়ার পর পরবর্তী পাঁচ দিন পার হওয়ার আগে কোনো গ্রাহক আর তেল নিতে পারবেন না। নির্ধারিত মেয়াদের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যাবে।’
এসময় তিনি উপস্থিত গ্রাহকদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসন জানায়, কৃষকদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। এতে কৃষি কার্যক্রম সচল রাখার পাশাপাশি জ্বালানি তেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সাধারণ গ্রাহকেরা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাদের মতে, এতে একদিকে যেমন পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় কমবে, অন্যদিকে অবৈধ মজুত ও অনিয়ম নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন।



