অধ্যাপক মুজিবুর রহমান

আধুনিক ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে

‘একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বক্তব্য রাখছেন রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান
বক্তব্য রাখছেন রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আধুনিক, শিক্ষাবান্ধব ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘তানোর উপজেলার সামগ্রিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তানোর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভার আগে সংশ্লিষ্টরা তাদের প্রতিষ্ঠানের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষকদের প্রধান লক্ষ্য।’

স্বাস্থ্যখাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সুস্থ জনগোষ্ঠী ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, চিকিৎসা সেবার সহজলভ্যতা ও সচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি ও গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি সবাইকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলেয়া ফেরদৌস ও উপজেলা কৃষি কর্মকর্তা আইনুল হক আহাম্মদ।