বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বিরোধী দলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। বিগত ফ্যাসিবাদী সরকারের এমপি ও মন্ত্রীরা যে ভাষায় কথা বলতেন, বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকেও অনুরূপ ফ্যাসিবাদী কণ্ঠ শোনা যাচ্ছে।’
রোববার (২২ মার্চ) সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি কলেজ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘৩৬ জুলাই দেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। সে সময় প্রায় ২ হাজার মানুষ নিহত এবং ৪০ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৫ হাজার মানুষ চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং ১০ হাজার মানুষ হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এত বড় ঘটনার পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’
তিনি আরো বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে মানুষ আন্দোলনে নেমেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। বিএনপির যারা আজ বড় বড় কথা বলছেন, জুলাই আন্দোলনের সময় তাদের খুঁজে পাওয়া যায়নি। এখন তারা ইতিহাস ভুলে গিয়ে আবারো সেই ফ্যাসিবাদী ধারার দিকে অগ্রসর হচ্ছে। তাদের কণ্ঠে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।’
জামায়াতের এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশকে ফ্যাসিবাদমুক্ত রাখতে প্রয়োজনে আবারো আন্দোলন গড়ে তোলা হবে। কোনোভাবেই এ দেশে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের নেতারা যেমনভাবে দেশ পরিচালনা করেছেন, তেমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে, সেটাই জনগণের প্রত্যাশা। কিন্তু বর্তমান সরকার ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে একই পথে হাঁটছে।’
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আ: বারীর সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসান, উল্লাপাড়া পৌর জামায়াতের আমির আব্দুল করিম, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিবসহ ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।



