মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মদাতা বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।
উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত কারণে চাতলাপুর চা বাগানের বাসিন্দা লছমন রিকমনকে (৫৫) দেশীয় ধারালো দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার ছেলে বিষ্ণু প্রসাদ রিকমন (২৭)। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মৃত্যু হয় তার।
পরে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাতক বিষ্ণু প্রসাদ রিকমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টায়) ঘাতককে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ঘটনাস্থলে আছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর মুহিত জানান, বাবাকে হত্যার ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



