ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আলম (৩০) নামে বাকপ্রতিবন্ধী এক যুবককে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম পড়শীপাড়া এলাকার সহরুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন আইকন, আব্দুল কাদের লিটন মেম্বার ও মাজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সকলেই পড়শীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আমান মিয়ার সাথে সহরুদ্দিনের ঝগড়া হয়। বিরোধের একপর্যায়ে আমান মিয়ার মা আছিয়া বেগমকে বাকপ্রতিবন্ধী আলম মারধর করেন।
এরই জের ধরে একইদিন সন্ধ্যা ৭টার দিকে আমান মিয়ার ছেলে ইমরান হোসেন আইকন তার দুই সহযোগিকে নিয়ে বাকপ্রতিবন্ধী আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করে। এতে আলম ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ রাত দেড়টায় দিকে বাকপ্রতিবন্ধী আলমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা সহরুদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



