হাটহাজারীতে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

ধর্ষণের পর হত্যার অভিযোগ

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে শিশু আরেফিন বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার |প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দু’দিন পর আরেফিন আকতার (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ফয়সাল নামের এক যুবককে অভিযুক্ত করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় বনফুলের পেছনে একটি তুলা কারখানা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে শিশু আরেফিন বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাতে থাকে। শনিবার দুপুর ২টার দিকে আমান বাজার এলাকায় একটি তুলা কারখানা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে গিয়ে তিন-চারটি তুলার বস্তা দিয়ে ঢেকে রাখা অবস্থায় লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পরিবারের দাবি, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার কথিত মামা ফয়সালও খোঁজাখুঁজি করছিল। তবে পরে সে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, ওই ফয়সাল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।