পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ দুলাল মিয়া (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহীর পুঠিয়া অঞ্চলের একটি দল চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি কোচ তল্লাশি করে তাকে আটক করে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পুঠিয়া বানেশ্বরের শিবপুর কলার হাট এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহীর পুঠিয়া অঞ্চলের একটি দল।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী দুলাল মিয়ার কাছ থেকে ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটক দুলাল মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার আইউব আলীর ছেলে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন একজনকে ২৪ রাউন্ড গুলিসহ থানায় সোপর্দ করেছেন। তার নামে মামলা করা হয়েছে।



