পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ আটটি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সংগঠনটির নেতারা শহীদ নয়নের পরিবারসহ মোট আটটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মো: মাকসুদুর রহমান, বড়মানিকা ইউনিয়ন আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, টবগী ইউনিয়ন আমিরসহ অন্য নেতারা।
এ সময় উপজেলা আমির মাওলানা মো: মাকসুদুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বোরহানউদ্দিন উপজেলার শহীদ আটটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের কাছে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া এককালীন দুই লাখ টাকাসহ গত ঈদেও তাদের সহযোগিতা করা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘জামায়াত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।’
একইসাথে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় শহীদ নয়নের ভাই বলেন, ‘৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে আমাদের পাশে রয়েছে, তারা এভাবে পাশে থাকলে আমরা ভালো থাকতে পারব।’



