আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো ও ফয়সাল আহমেদ, বড়লেখা
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর পরিবারের পাশে থাকবে সরকার। পরিবারটির জীবিকার ব্যবস্থা করা হবে।
সোমবার (৯ মার্চ) সালেখ উদ্দিনের লাশ হস্তান্তর ও জানাজায় অংশ নেন আরিফুল হক চৌধুরী। এসময় তিনি একথা বলেন।
বিকেল ৫টায় বড়লেখা পৌরশহরের গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফনে শোকার্ত এলাকাবাসীর ঢল নামে।
এর আগে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় সালেখ উদ্দিনের লাশ। লাশ গ্রহণ করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় সালেখ উদ্দিনের লাশ দেশে আনা হয়।
পরে সোমবার সকালে আরেকটি ফ্লাইটে করে লাশটি আনা হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সকাল ১১টার দিকে সেখানে লাশ গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজেই লাশ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামে পৌঁছে দেন।
পরিবারের কাছে লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়া, মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডের ডিজি ব্যারিস্টার সারোয়ার কামাল, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, বড়লেখা থানার ওসি মো: মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক প্রমুখ।
এদিকে, দাফন-কাফনের জন্য নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫ হাজার টাকা, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা এবং বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
লাশ হস্তান্তরের পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দুবাইয়ে নিহত বড়লেখার সালেখের উদ্দিন ওরফে আহমদ আলীর লাশ নিয়ে তার বাড়িতে এসেছেন।’
তিনি জানান, সালেখের মৃত্যুর পর থেকেই পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘নিহত সালেহ উদ্দিনের পরিবারের জীবিকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তার ছেলে-মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
তিনি জানান, পরিবারের এক ছেলে অসুস্থ এবং স্ত্রী প্রতিবন্ধী। ছেলের চিকিৎসা ও স্ত্রীর প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রবাসে যারা আছেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবেন, আমরা সবাই বিষয়টি মনিটরিং করছি। যারা অসুস্থ আছেন, তাদের চিকিৎসা চলছে ওইখানে (বিদেশে) হাসপাতালে। আরো তিনটি লাশ আছে। সেগুলো পরে আসবে। আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করব।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমাদের সরকার সবসময় প্রবাসীদের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।’



