নাটোরের লালপুরে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। দুই দিনে উপজেলার কয়েকটি স্থানে নয়টি মিটার চুরি হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ লালপুর ও কলসনগর গ্রামে দুটি মিটার চুরি করে দুর্বৃত্তরা।
চুরি হওয়া আরো দুটি মিটারের তথ্য মৌখিকভাবে জানালেও অফিসে লিখিতভাবে অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিস।
লালপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস ও লালপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার লালপুর কলেজ মোড়ের ইছার উদ্দিন মন্ডল এবং লালপুর বাজারের দুলাল মন্ডল, শাজাহান আলী সরকার, মাজদার রহমান ও রইস উদ্দিনের তিন ফেজের মিটার চুরি হয়ে যায়।
চুরির সময় মিটারের পাশে চিরকুটে মোবাইল নম্বর রেখে যায় দুর্বৃত্তরা। রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করা হলে প্রতি মিটারের দাম ছয় হাজার টাকা দাবি করা হয়।
এঘটনায় ভুক্তভোগীরা লালপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
লালপুর বাজারের ওয়ার্কশপ মালিক দুলাল মন্ডল বলেন, ‘মঙ্গলবার রাতে দোকানে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি মিটার চুরি হয়ে গেছে। মিটার না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।’
পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম ব্যাপারী বলেন, ‘মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
চুরি প্রতিরোধে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’


