ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিকের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজাক।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, ‘সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।’
তিনি সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার কার্যক্রমকে আরো গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজাক বলেন, ‘সিরাজগঞ্জের মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মিল্ক ভিটার পণ্যগুলো মানসম্মত, যে পণ্যগুলো প্রান্তিক কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান, শাহনেওয়াজ দুলাল, সহ-সভাপতি ও ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক হাসনায়েন তানভীর ইমন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল সাফি, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মেহেদী ডালিম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতিক হাসান, দফতর সম্পাদক ও ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম প্রমুখ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল হামিদ সরকার।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাগণ উপস্থিত ছিলেন।



