ময়মনসিংহের গফরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে স্বাধীন (১৮) নামে ভাতিজা খুন হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন উপজেলার উত্তর লামকাইন গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাচা সুজনের (৩২) সাথে ভাতিজা স্বাধীনের মুরগি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন তার ভাতিজা স্বাধীনকে চাকু দিয়ে পেটের মধ্যে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা স্বাধীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত সুজন পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



