গৌরনদীতে পুলিশ দেখে ইয়াবা গিলে অচেতন কারবারি

তাকে আটক করা হলে তিনি কৌশলে প্রায় ১০ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
অচেতন মাদককারবারি সানোয়ার
অচেতন মাদককারবারি সানোয়ার |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রমাণ নষ্ট করতে ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েন সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদককারবারি। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।

সানোয়ার পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী মডেল থানার এএসআই মো: সরবত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সানোয়ার হোসেনকে থামতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হলে তিনি কৌশলে প্রায় ১০ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার শরীর তল্লাশি করে আরো কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হবে।