মেহেরপুরে ১০০ বিঘা গমক্ষেত আগুনে পুড়ে ছাই

গম কাটার পর গমের নাড়া (খড়) পরিষ্কার করে থাকেন কৃষকরা। হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিয়েছিলেন।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
আগুনে পুড়ছে গমক্ষেত
আগুনে পুড়ছে গমক্ষেত |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কৃষকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, গম কাটার পর গমের নাড়া (খড়) পরিষ্কার করে থাকেন কৃষকরা। হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিয়েছিলেন। একপর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাসের বেগ বেশি থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মাঠজুড়ে।

আগুনের লেলিহান শিখায় বিস্তীর্ণ এলাকার গমক্ষেত পুড়ে কালো হয়ে যায়। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। ঘরে তোলার আগ মুহূর্তে পুরো ক্ষেতের গম পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার চাষীরা।

গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান জানান, তাদের একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি মাঠ পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।