ভোলার লালমোহন উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০-এর সার্বিক তত্ত্বাবধানে ও গজারিয়ার কৃতী সন্তান শিশির কুমার পাল বাপ্পির উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে কারিগরি সহায়তা প্রদান করে বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল।
চক্ষু বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ৬৩ জন ছানি রোগীকে আগামী ৩ এপ্রিল বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। অপারেশন শেষে ওইসব রোগীদের আবার নিজ এলাকায় পৌঁছে দেয়া হবে।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০-এর সভাপতি কাজী কবির হোসেন লিটন বলেন, ‘বৈষম্যহীন, দারিদ্র্য ও রোগমুক্ত সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


