লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে : ত্রাণমন্ত্রী

‘নির্মাণাধীন ভবনটি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং স্বাভাবিক সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
সাংবাদিকদের সাথে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু
সাংবাদিকদের সাথে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু |বাসস

লালমনিরহাটে ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিশ্বে পরিচিত এবং ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এর অবস্থান রয়েছে। দেশে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সঙ্ঘটিত হয়। যার ফলে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি বলেন, ‘নির্মাণাধীন ভবনটি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং স্বাভাবিক সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মন্ত্রী আরো বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা ও কৃষিঋণ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সঙ্কটসহ কিছু অর্থনৈতিক চাপ সৃষ্টি হলেও জনগণের কল্যাণে সরকার আন্তরিক রয়েছে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরো গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: কাওছার আলমসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।