সৌদিতে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজের একটি শ্রমিক ক্যাম্পে আকস্মিক মিসাইল বিস্ফোরণ ঘটে। ওই সময় কর্মরত অবস্থায় গুরুতর আহত হন মামুন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
মৃত আব্দুল্লাহ আল মামুন
মৃত আব্দুল্লাহ আল মামুন |নয়া দিগন্ত

সৌদি আরবে ইরানের ছোঁড়া মিসাইল হামলায় আহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে ময়মনসিংহের এক প্রবাসী যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে এই খবর নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

মামুন উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজের একটি শ্রমিক ক্যাম্পে আকস্মিক মিসাইল বিস্ফোরণ ঘটে। ওই সময় কর্মরত অবস্থায় গুরুতর আহত হন মামুন। পরে তাকে দ্রুত ডা: সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মামুন। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। তার রেখে যাওয়া একমাত্র সন্তান এখন বাবাহারা।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, ‘ভাইটা বাঁচার জন্য লড়াই করছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। আমরা শুধু তার লাশটা দেশে ফেরত চাই।’

এদিকে, লাশ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।