বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল আবারো শুরু হয়েছে।
দুর্ঘটনা-কবলিত বগিগুলো উদ্ধার ও রেল লাইন সংস্কারের পর বেলা ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম।
বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের নয়টি বগি উদ্ধারের কাজ সম্পন্ন হয়।
তবে ‘এখনই এখান দিয়ে ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, স্টেশনে থামবে এবং ধীর গতিতে এই অংশ পার হবে। পর্যায়ক্রমে লাইনে ট্রেনের গতি স্বাভাবিক হবে’, জানান তিনি।
এই দুর্ঘটনার কারণে ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের কতটা ভোগাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘এবার আমরা ভেবেছিলাম শিডিউল বিপর্যয় তেমন হবে না। তবে বাড়তি যাত্রীর চাপ এবং এ দুর্ঘটনা সব মিলিয়ে শিডিউল বিপর্যয় কিছুটা হয়েছে।’
বুধবার দুপুর ২টার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনাস্থল থেকে ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস।
এই দুর্ঘটনার কারণে বুধবার দুপুর থেকেই উত্তরের জেলা নীলফামারি, ঠাঁকুরগাও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নেয় বাংলাদেশ রেলওয়ে।



