সিলেটের হবিগঞ্জে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।
এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। শিগগিরই উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



