নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন, ওভারটাইম ও বোনাসের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে উপজেলার গাবতলী এলাকায় অবস্থিত সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।
বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
কারখানার কাটিং ম্যান আব্দুল খালেক বলেন, ‘গত দুই মাস ধরে বেতন ও ওভারটাইমের কোনো টাকা দিচ্ছে না কর্তৃপক্ষ। সোমবার বেতন দেয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন করছেন।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। সংবাদ পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিকপক্ষের সাথে আলোচনা করেন। পরে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন।



