বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোনো প্রকার সঙ্ঘাত ছাড়াই হাওরের জেলা সুনামগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সব ক’টিতেই জয়ী হয়েছে বিএনপির প্রর্থীরা। এর মধ্যে চারটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) : এই আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল এক লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৪২ হাজার ৮১৩ জন। না ভোট দিয়েছেন ৬৯ হাজার ৬৯৪ জন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) : এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০ ও না ভোট ৭০ হাজার ৮২৩টি।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) : এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীক) ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৭৪ জন এবং না ভোট দিয়েছেন ৪৫ হাজার ৪১৯ জন।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) : এই আসনে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম নূরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো: সামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৭৫ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ২৩ হাজার ৮২৯ জন এবং না ভোট দিয়েছেন ৫৩ হাজার ৯১৮ জন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন এক লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম এক লাখ দুই হাজার ১২১ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এক লাখ ৪৭ হাজার ৯২৪ জন এবং না ভোট দিয়েছেন ৭৬ হাজার ৫৩০ জন।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলার ৭২০টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জেলার ১২ উপজেলার মধ্যে আটটি উপজেলা হাওরবেষ্টিত। পাঁচটি সংসদীয় আসনে ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার। তার মধ্যে সুনামগঞ্জ-১ আসনে পাঁচ লাখ এক হাজার ৫৩০ জন, সুনামগঞ্জ-২ আসনে তিন লাখ ছয় হাজার ৪৮ জন, সুনামগঞ্জ-৩ আসনে তিন লাখ ৭৩ হাজার ১৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে তিন লাখ ৭২ হাজার ১৮৫ জন ও সুনামগঞ্জ-৫ আসনে ভোটার পাঁচ লাখ ২৭ হাজার ৪৫৬ জন।
বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ভাবে চোখে পড়ার মতো দায়িত্ব পালন করেছে।
সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের সব চেয়ে আলোচিত প্রার্থী শিশির মনির তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসিত হচ্ছেন।
বৃহস্পতিবার রাত প্রায় সোয়া ৮টায় শিশির মণি তার নিজের ফেসবুক পেজে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে তিনি লিখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’ এর পরই সেটি পজেটিভ আলোচনায় প্রশংসিত হয়।



