দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ঢাকা জেলা প্রশাসকের

বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে ঢাকা জেলা পরিষদের উন্নয়নের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ঢাকা জেলা প্রশাসক সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ
ঢাকা জেলা প্রশাসক সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ |নয়া দিগন্ত

ঢাকার জেলা প্রশাসক দায়িত্ব নিয়েই ঢাকা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় প্রশাসক মুরাদ বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে ঢাকা জেলা পরিষদের উন্নয়নের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে। আমি দায়িত্ব নেয়ার পর এখন থেকে জেলা পরিষদে আর কোনো দুর্নীতি হতে দেয়া হবে না। জেলা পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের পারসেন্টেজ বা কমিশন বাণিজ্য থাকবে না।’

তিনি বলেন, ‘ঢাকা জেলার পাঁচটি উপজেলাসহ রাজধানীর মোট ২০টি সংসদীয় আসনের অধীনে থাকা জেলা পরিষদের বেহাল ৪০৫ একর জমি উদ্ধারের চেষ্টা করা হবে। ঢাকা জেলা পরিষদের অসমাপ্ত ২০ তলা ভবনের কাজ দ্রুত সময়ে শেষ করা হবে। অবকাঠামো উন্নয়নের রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

সমাজের অবহেলিত মানুষের দোরগোড়ায় জেলা পরিষদের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে জেলার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনা হবে এবং পুরো জেলা পরিষদকে নতুন করে সাজানো হবে।’

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সূনীল সাহা, যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।