শৈলকুপায় বাবা-ছেলেকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

হামলাকারীরা দোকানদার মানিক মন্ডলকে মারধর করে এবং তার ছেলে লিমন হোসেনের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ |নয়া দিগন্ত

‎ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে পৌরসভার ক্ষুদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন মানিক মন্ডল ও তার ছেলে লিমন হোসেন। তারা দু’জনেই কাজীপাড়া গ্রামের বাসিন্দা।

‎প্রত্যক্ষদর্শী হোসেন আলী ও আলিম উদ্দীনসহ স্থানীয়রা জানান, পৌরসভার জামসেদপুর গ্রামের বাসিন্দা মিজানের স্ত্রী জেসমিন খাতুন ললিতমোহন ভূইয়া স্কুলসংলগ্ন একটি দোকান থেকে চিপস ক্রয় করেন। এ সময় তিনি ১০০ টাকার নোট দিলে দোকানদার ৯০ টাকা ফেরত দেন। ফেরত টাকার মধ্যে একটি ২০ টাকার নোট অগ্রহণযোগ্য দাবি করে তা পরিবর্তনের অনুরোধ জানান তিনি। তবে দোকানদার বিকল্প টাকা না থাকায় তা নিতে অনুরোধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

পরে ওই নারী তার স্বামী, ছেলে ও বহিরাগতদের নিয়ে এসে দোকানে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা দোকানদার মানিক মন্ডলকে মারধর করে এবং তার ছেলে লিমন হোসেনের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎অপরদিকে অভিযুক্ত জেসমিন খাতুন ও তার পরিবারের সদস্যরা ঘটনার পরপরই বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

‎শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।