পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে ডাকাতি, পুকুর থেকে লাশ উদ্ধার

ভারতি মন্ডল বাড়িতে একা থাকায় দুর্বৃত্তরা রাতে তার বাড়িতে হামলা চালায়।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
ভারতি মন্ডলের লাশ পুকুরে ভাসতে দেখা যায়
ভারতি মন্ডলের লাশ পুকুরে ভাসতে দেখা যায় |নয়া দিগন্ত

খুলনার পাইকগাছায় ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীকে গলাকেটে হত্যা করে বাড়িতে ডাকাতি করা হয়েছে। পরে বাড়ির পাশের পুকুর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভারতি মন্ডল ওই গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী ও পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভারতি মন্ডল বাড়িতে একা থাকায় দুর্বৃত্তরা রাতে তার বাড়িতে হামলা চালায়। তাকে আটকে রেখে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ভারতির গলায় ও মাথায় আঘাত করে হত্যার পর লাশ পাশের পুকুরে ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে লতা ইউপির পুতলাখালী ২ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন কুমার মন্ডল জানান, সকালে নিহত ভারতি মন্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজে তাদের বাড়িতে এসে ঘরের বারান্দার গ্রিল খোলা দেখে বোন ভারতিকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু তার কোনো সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুরের তার লাশ ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকারের শুনে পাশের বাড়ির লোকজন উপস্থিত হয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভারতির লাশ উদ্ধার করে। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন ও মাথায় গভীর ক্ষত দেখা যায়। বাড়ির পশ্চিম পাশের রাস্তায় স্বর্ণালঙ্কার রাখার খালি ব্যাগ এলোমেলো অবস্থায় ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, ভারতির ছেলে সাব-ইন্সপেক্টর (এসআই) চিন্ময় চাকরির কারণে শরণখোলায় থাকেন। আর ভারতির স্বামী প্রভাষ অন্য সংসারে নিয়ে পাইকগাছা উপজেলা সদরে বসবাস করেন।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো: গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে।’