ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে এক ড্রাম ট্রাক চালকের হামলার শিকার হয়েছেন ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) মো: মফিজ উদ্দিন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফটিকছড়ি সদর বাস স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত চালক মুহাম্মদ আকবরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে ফটিকছড়ি সদর বাস স্টেশনে যানবাহনের নথিপত্র যাচাই করছিলেন টিএসআই মো: মফিজ উদ্দিন। এ সময় তিনি একটি ড্রাম ট্রাক থামিয়ে চালক আকবরের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এতে চালক ক্ষিপ্ত হয়ে কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান এবং পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে চালক আকবর সার্জেন্টের ওপর অতর্কিত হামলা চালান। চালকের সজোরে করা আঘাতে সার্জেন্ট মফিজ উদ্দিন নাক ও মুখ ফেটে রক্তাক্ত জখম হন।
আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদিকে, ঘটনার পরপরই উপস্থিত জনতা ধাওয়া করে চালক আকবরকে ধরে ফেলেন এবং থানায় খবর দেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। একজন সরকারি কর্মকর্তার ওপর হামলার দায়ে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



