শেষ ২১ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ১ কোটি ৯০ লাখ টাকা

যানবাহন পারাপার সাড়ে ১৭ হাজার

গত বছরের তুলনায় চলতি ঈদযাত্রার ১৮ হাজার আট শ’ ৮০টি যানবাহন বেশি পারাপার হয়। পাশাপাশি টোল আদায় বেশি হয়েছে এক কোটি ২০ লাখ ৭৩ হাজার চার শ’ টাকা।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
পদ্মা সেতু পরিদর্শনে নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী
পদ্মা সেতু পরিদর্শনে নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

ঘরমুখো মানুষের ঈদযাত্রার শেষমুহুর্তেও পদ্মা সেতুতে সর্বশেষ ২১ ঘণ্টায় মাওয়া-জাজিরা প্রান্ত মিলে টোল আদায় হয়েছে এক কোটি ৯০ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। এ সময় যানবাহন পারাপার হয়েছে ১৭ হাজার ছয় শ’ ৮৫টি।

শুক্রবার (২০ মার্চ) রাত ১০টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত যানবাহনগুলো সেতু পারাপার করেছে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

ঈদযাত্রার শেষমুহুর্তেও সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, এ সময় মাওয়া প্রান্ত দিয়ে ১১ হাজার আট শ’ ৯২টি ও জাজিরা প্রান্ত দিয়ে পাঁচ হাজার সাত শ’ ৯৩টি যানবাহন পারাপার হয়েছে।

শুক্রবার সকালেও টোলপ্লাজা হয়ে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ সময় ছিল না কোনো বাড়তি চাপ।

এর আগে পদ্মা সেতুতে ঈদ-পূর্ব তিন দিনে যানবাহন পারাপারে ও টোল আদায়ের এক নতুন মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সেতুতে ১৭ মার্চ-১৯ মার্চ পর্যন্ত তিন দিনে এক লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে গেলো বছরের ঈদুল ফিতরের এই একই সময়ে ২৮ মার্চ-৩০ মার্চ পর্যন্ত তিন দিনে ঘরমুখো মানুষের যানবাহন পারাপারের সংখ্যা ছিল এক লাখ আট শ’ দু’টি। আর মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

এতে করে টোল আদায়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি ঈদযাত্রার ১৮ হাজার আট শ’ ৮০টি যানবাহন বেশি পারাপার হয়। পাশাপাশি টোল আদায় বেশি হয়েছে এক কোটি ২০ লাখ ৭৩ হাজার চার শ’ টাকা। ফলে চলতি ঈদে সেতুতে যানবাহন পারাপার ও টোল আয় বেড়েছে।

শুক্রবার সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার ও সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ সূত্র আরো জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে নির্বিঘ্নে সেতু পারাপার হতে পারছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলাচলকারী যাত্রী ও যানবাহন। ফলশ্রুতিতে এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতার প্রতিফলন।

এদিকে আজ শুক্রবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টোল ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। পদ্মা সেতু দিয়ে সাধারণ মানুষের ঈদযাত্রা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অত্যন্ত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসনসহ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।