সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের ২৭ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১৮ জন।
জামানত হারানোর তালিকায় রয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, জাতীয় পার্টির দু’জন, ইসলামী আন্দোলনের চারজনসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
এদের মধ্যে নীলফামারী-১ আসনে জামানত হারানোর মধ্যে রয়েছেন— জাতীয় পার্টির প্রার্থী মো: তছলিম উদ্দিন, সমাজতান্ত্রিক দলের মো: রফিকুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপের জেবেল রহমান গানি, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট- বিএনএফ-এর মো: সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী মো: মখদুম আজম মাশরাফি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আব্দুল জলিল।
নীলফামারী-২ আসনে জামানত হারানোর মধ্যে রয়েছেন— খেলাফত মজলিসের মো: সরোয়ারুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাছিবুল ইসলাম, বিএনএফ-এর মো: সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো: মিনহাজুল ইসলাম।
নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির মো: রোহান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আমজাদ হোসেন জামানত হারিয়েছেন।
নীলফামারী-৪ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো: শওকত আকবর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো: মাইদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ, জোবায়দুর রহমান ও রিয়াদ আরফান সরকার তাদের জামানত হারিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো: লুৎফুল কবির সরকার বলেন, মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।



