জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি, নিয়মতান্ত্রিক উপায়েও হয়নি। সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।’
সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য দলের কর্মীদের উপস্থিতিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘শত শত শহীদের রক্তের ওপর দিয়ে আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসাথে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। অন্তর্বর্তী সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।’
ইফতার মাহফিলে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইনও জামায়াতের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতারা। সভাপতিত্ব করেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।
ইফতার মাহফিলে নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘আপনারা অধির আগ্রহে ছিলেন শাপলা কলিতে ভোট দেয়ার জন্য কিন্তু আমরা হতভাগা আপনাদের হাতে খুলনায় শাপলা কলি তুলে দিতে পারিনি। তবে স্থানীয় নির্বাচনে ভবিষ্যতে আমরা প্রত্যেকটি জায়াগায় প্রার্থী দেয়ার চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘তারেক রহমান বলেছিলেন গণভোটে আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি ওটা ওনার মুখের কথা ছিল অন্তরের কথা ছিল না।’ এসময় তিনি চাঁদাবাজদের গাছের সাথে, পিলারের সাথে, স্কুলের খুঁটির সাথে বেঁধে রাখার আহ্বান জানান।



