শহীদ ওসমান বিন হাদি হত্যার ১০০তম দিনে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝালকাঠি ইনসাফ মঞ্চ।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
ঝালকাঠি ইনসাফ মঞ্চের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচারহীনতার ১০০তম দিন পার হলেও এখন পর্যন্ত বিচারের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি দৃশ্যমান নয়, যা অত্যন্ত দুঃখজনক। অন্তর্বর্তী সরকার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন হয়নি। নতুন সরকার গঠনের পরও এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কারা অর্থদাতা এবং মূল হোতা কারা, এসব বিষয় এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আজ এখানে দাঁড়িয়েছি শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা বন্ধ করতে হবে। ইনসাফের স্বপ্নদ্রষ্টা হাদির জন্য প্রকৃত ইনসাফ নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আল তাওফিক লিখন, অন্দ্রিলা সরকার, আরিফ বিল্লাহ ও মাহফুজ খান।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। বক্স কালভার্টের কাছে সংঘটিত এ হামলায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছে দাফন করা হয়।


