ফরিদপুরে পুকুর সেচে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পুকুরের পানি ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে সেচে পুকুরের তলদেশে বিশেষভাবে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
উদ্ধার হওয়া অস্ত্র
উদ্ধার হওয়া অস্ত্র |নয়া দিগন্ত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ।

এ সময় চারটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, দু’টি কাটা পাইপগান ও দুই রাউন্ড গুলি, পাঁচটি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছ্যানদা, আটটি বল্লম, ছয়টি ছোট-বড় চাকু, ১০১টি বর্শার মাথা, একটি টেটা ও পাঁচটি খালি কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পানির নিচে মাটির মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল।

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পুকুরের পানি ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে সেচে পুকুরের তলদেশে বিশেষভাবে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। উদ্ধারকৃত এসব অস্ত্র সঙ্ঘবদ্ধ চক্র অপরাধ সংগঠনে ব্যবহারের জন্য গোপনে মজুত করে রেখেছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ প্রাথমিকভাবে যৌথ বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে এই অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।