পটুয়াখালীতে অসুস্থ যুবকের বাড়িতে গিয়ে হুইল চেয়ার দিলেন ডিসি

শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের কৃষক এনছান মিয়ার ছেলে বায়েজিদের বাড়িতে গিয়ে এই উপহার তুলে দেন জেলা প্রশাসক।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Patuakhali
পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের অসুস্থ যুবক বায়েজীদকে হুইলচেয়ার উপহার দেন জেলা প্রশাসক ড. শহিদ হোসেন চৌধুরী
পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের অসুস্থ যুবক বায়েজীদকে হুইলচেয়ার উপহার দেন জেলা প্রশাসক ড. শহিদ হোসেন চৌধুরী |সংগৃহীত

পটুয়াখালীতে দুর্ঘটনার শিকার হয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়া বায়েজিদ (২২) নামের এক যুবককে ঈদের দিন হুইলচেয়ার উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের কৃষক এনছান মিয়ার ছেলে বায়েজিদের বাড়িতে গিয়ে এই উপহার তুলে দেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জানা যায়, প্রায় ৮ বছর আগে শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বায়েজিদ। সিমেন্টের বস্তা কাঁধে তোলার সময় তার ঘাড়ের রগ ছিঁড়ে যায়। ফলে তিনি স্থায়ীভাবে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। সেই থেকে গৃহবন্দী জীবন তার। দীর্ঘদিন চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। এমনকি চলাফেরার জন্য একটি হুইলচেয়ার কেনার সামর্থ্যও ছিল না তাদের। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে ঈদের দিনই মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়ান জেলা প্রশাসক।

হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়ে বায়েজিদ বলেন, চিকিৎসার খরচ চালাতে চালাতে আজ আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে। একটা হুইল চেয়ারও কেনার সাধ্য নেই আমাদের। ডিসি স্যারের মতো একজন মানুষ ঈদের দিন আমার বাড়িতে এসেছেন, এতেই আমরা অনেক খুশি। হুইল চেয়ারটি পেয়ে অনেক ভালো লাগছে।

জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী বলেন, দীর্ঘ ৮ বছর ধরে এই তরুণটি গৃহবন্দী ছিল। সে বাইরে যেতে পারছিল না একটি হুইলচেয়ারের অভাবে। বিষয়টি আমাদের নজরে আসার পরে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদের দিনে তার পাশে দাঁড়িয়ে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে পেরে অনেক ভালো লাগছে।