ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। অপর লেন দিয়ে আজ ভোরে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ফেনী শহর সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে। আজ রোববার (২২ মার্চ) ভোরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— ঢাকার রমনার বাংলা মটর এলাকার মরহুম মোকতাদুর রহমানের ছেলে মো: মোরশেদ (৩৯), ঢাকার লালবাগের ১ নম্বর গলি শহিদ নগর এলাকার মো: মজিবর রহমানের ছেলে মো: সোহাগ রহমান (৩১) ও দোয়েল বাসের সুপারভাইজার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার আহম্মদ কবিরের ছেলে মোহাম্মদ কায়ছার (২৫)।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। অপর লেন দিয়ে আজ ভোরে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্সের চালকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়।

এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।