মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

হামলাকারীদের ভয়ে প্রথমে কেউ এগিয়ে না এলেও পরে কয়েকজন তাকে উদ্ধার করে অটোরিকশায় করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা |প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আলদি বাজার থেকে ফেরার পথে সন্ত্রাসীরা মোয়াজ্জেমের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। হামলাকারীদের ভয়ে প্রথমে কেউ এগিয়ে না এলেও পরে কয়েকজন তাকে উদ্ধার করে অটোরিকশায় করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম অভিযোগ করে বলেন, জমি-জমা নিয়ে তার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও তার ছেলেকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

তিনি দাবি করেন, তার দেবরের ছেলে মেজবাহ ও ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: অনুপ কুমার সাহা জানান, রাত পৌনে ৮টার দিকে এক অটোরিকশাচালক মোয়াজ্জেমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো: ফিরোজ কবির বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।