তারেক রহমান

নারীদের পেছনে রেখে আমরা সামনে এগোতে পারবো না

‘সালে আমাদের ছাত্রজনতা রাজপথে আন্দোলন করে স্বৈরাচারকে বিদায়ের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করেছে। এখন এই যে মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, যেটি আমরা ফিরে পেয়েছি, এটিকে ধরে রাখতে হবে।’

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুর জনসভায় বক্তব্য প্রদান করছেন তারেক রহমান
ফরিদপুর জনসভায় বক্তব্য প্রদান করছেন তারেক রহমান |ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। এই নারীদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। সে কারণে খেটেখাওয়া প্রত্যেক গৃহিনীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যার মাধ্যমে প্রতিমাসে তাদের সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি দেশের কৃষক ও যুবসমাজের কর্মসংস্থানের উদ্যোগ নেবে। কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থান করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তারেক রহমান বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের সমর্থন ছাড়া তারা কিন্তু কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারবেন না।

তারেক রহমান বলেন, ২০২৪ সালে আমাদের ছাত্রজনতা রাজপথে আন্দোলন করে স্বৈরাচারকে বিদায়ের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করেছে। এখন এই যে মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, যেটি আমরা ফিরে পেয়েছি, এটিকে ধরে রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে গড়ার জন্য বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনগণেরও একটি পরিকল্পনা থাকা দরকার। সেই পরিকল্পনা হলো ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করা। কারণ, দেশকে গড়ে তোলার জন্য যে কথা আমরা বলেছি, জনগণের সমর্থন ছাড়া কিন্তু সেটি বাস্তবায়ন করতে আমরা পারবো না।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম, শরীয়তপুর-৩ আসনে বিএনপি প্রার্থী নূরউদ্দিন অপু, ফরিদপুর-৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

এ সময় মঞ্চে গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, রাজবাড়ীর আলী নেওয়াজ খৈয়াম, হারুন অর রশীদসহ বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন।

জনসভায় নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য সমাবেশস্থল ছাড়াও আশেপাশে প্রজেক্টরে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় বক্তৃতা প্রদর্শন করা হয়।