মুন্সীগঞ্জ সদরে সুবিধাবঞ্চিত, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদুর রহমান।
শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে মিরকাদিম পৌরসভার তিলার্দী মহল্লায় অবস্থিত স্বপ্নজয়ী পাঠশালায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
ইউএনও মো: মাসুদুর রহমান বর্তমানে মিরকাদিম পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
এ সময় পাঠশালার ৫০জন শিক্ষার্থীকে বিরিয়ানি ও সেমাই দিয়ে আপ্যায়ন করা হয়। ঈদের আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
উপস্থিতরা জানান, সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক ভূমিকা রাখে।



