সোনারগাঁওয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আহতদের মধ্যে সাখাওয়াত হোসেন ও মাছুম মিয়াকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় আটজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা।

রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা আহতদের কাছ থেকে পাঁচটি মোবাইল সেট, নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সাখাওয়াত হোসেন ও মাছুম মিয়াকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে আহত ব্যবসায়ী আওলাদ হোসেন সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক-মুছারচর সড়কের ইব্রাহিমের বাড়ির পাশে খালি জায়গায় ফতেপুর দড়িকান্দি এলাকার আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী বাড়ি যাওয়ার পথে মো: ওবায়দুল হকের নেতৃত্বে ৭-৮ জনের একটি ছিনতাইকারীর দল মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ব্যবসায়ী আলমগীর হোসেন চিৎকার করে পার্শ্ববর্তী বাসাবো গ্রামের সাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে ছিনতাইকবলিত ব্যবসায়ীর কাছে ঘটনার বর্ণনা শুনেন। পরে সাখাওয়াত গ্রামের লোকজন নিয়ে মো: ওবায়দুল হকের বাড়িতে গিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে। এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

পরে ওয়ায়দুল হকের নেতৃত্বে এমদাদুল, মাসুদ, মোস্তাফিজুর রহমান, ইলিয়াছ, ফাইজুল হক ও ইব্রাহিমসহ দেশীয় দা, লোহার রড, লাঠিসোঠায় সজ্জিত হয়ে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও তার বড় ভাই আওলাদ হোসেন, বসাবো বাইতুল নূর জামে মসজিদের সভাপতি মাছুম মিয়া, তার ভাই মামুন মিয়া, অন্তর মিয়া, সানি মিয়ার ওপর হামলা করে।

হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে পাঁচটি মোবাইল সেট ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে এক নারীর শ্লীলতাহানী করে।

আহত ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে ওবায়দুল হকের নেতৃত্বে ওই এলাকায় মাদক কারবার, ছিনতাই ও চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। রোববার রাতে এক ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার প্রতিবাদ করায় আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

অভিযুক্ত ওবায়দুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছিনতাইয়ের সাথে তারা জড়িত না। পূর্বশত্রুতার জের ধরে তাদের সাথে কথাকাটাকাটি হয়। এ নিয়ে হামলার ঘটনা ঘটেছে।’

সোনারগাঁও থানার ওসি মো: মহিববুল্লাহ বলেন, ‘হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’