সড়ক সংস্কারের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন শিক্ষার্থীদের

‘আমাদের এই রাস্তাটা কেউ দেখে না। না দেখে সিটি করপোরেশন, না দেখে জেলা পরিষদ বা সংসদ সদস্য। তার মানে তারা অন্ধ। সেকারণে আমরা অন্ধের বেশে এখানে দাঁড়িয়েছি।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ভাঙা রাস্তা সংস্কার না করায় কালো কাপড় বেঁধে মানববন্ধন
ভাঙা রাস্তা সংস্কার না করায় কালো কাপড় বেঁধে মানববন্ধন |নয়া দিগন্ত

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটির মেরামতের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে এক দল শিক্ষার্থী।

বুধবার (১ এপ্রিল) বিকেলে নগরীর সাতমাথা এলাকায় এই মানববন্ধন করেন তারা। এ সময় চোখে কালো কাপড় বাঁধার পাশাপাশি বিভিন্ন প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘সিটি করপোরেশন অন্ধ কেন? ট্যাক্স দেই কিন্তু চলাচলের উপযুক্ত রাস্তা পাই না কেন?’, ‘সংসদ সদস্য বর্ষাকালে রাস্তায় মাছ ধরার দাওয়াত থাকল’, ‘আমি সিটি করপোরেশনে রে আমি অন্ধরে’, ‘আমি সাতমাথা-জাহাজ কোম্পানির অসুস্থ রাস্তা রে আমার ওপর দিয়ে আর চলাচল করিস না রে’ প্রভৃতি স্লোগান।

মানববন্ধনে অংশ নেয়া মামুনুর রশীদ মাহিম জানান, রংপুরের সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রতিদিন রংপুরের কাউনিয়া-পীরগাছাসহ কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা ও উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করে। হাসপাতালে রোগী যাওয়ার আগেই এই রাস্তার কারণে অসুস্থ হয়ে যায়।

আরেক আন্দোলনকারী রাজিবুজ্জামান হৃদয় বলেন, ‘আমাদের এই রাস্তাটা কেউ দেখে না। না দেখে সিটি করপোরেশন, না দেখে জেলা পরিষদ বা সংসদ সদস্য। তার মানে তারা অন্ধ। সেকারণে আমরা অন্ধের বেশে এখানে দাঁড়িয়েছি। এর আগে আমরা জানাজা পড়েছি, কফিন মিছিল করেছি। সংস্কারের জন্য আমরা সাতবার বিভিন্নভাবে আন্দোলন করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা চাই দ্রুত এই রাস্তাটির সংস্কার কার্যক্রম শুরু হোক।’

উল্লেখ্য, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে ওই সড়কটি চলাচলের অনুপযোগী। রাস্তাটি সংস্কারের দাবিতে জানাজা নামাজ, কফিন মিছিলসহ বিভিন্ন আন্দোলন করেছে ছাত্র-জনতা। বিগত সময়ে বার বার আশ্বাস দিলেও এখনো কাজ শুরু হয়নি রাস্তাটির।

রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আজম আলী জানান, রাস্তাটি নির্মাণের জন্য টেন্ডারের আহ্বানের পর ইভুলেশনের কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি অ্যাওয়ার্ড দেয়া হবে। একমাসের মধ্যেই ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কাজ করা শুরু করা হবে।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটির জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে। কাজের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ বুঝে নেয়া হবে।