পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: হিরা খান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার মজিদবাদী ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হিরা খান উপজেলার দক্ষিণ চালিত বুনিয়া গ্রামের মো: জব্বার খানের ছেলে এবং সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে হীরা খানের পাশের বাড়ির বাসিন্দা খালেক হাওলাদারের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মটর দিয়ে সেচ দেয়ার কাজ চলছিল। এ সময় সবার অগোচরে স্কুলছাত্র হীরা খান পুকুরের পানিতে নামলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হীরা খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল বলে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মুহাম্মদ উমর ফারুক জাবের।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় মির্জাগঞ্জ থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



