ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় শহীদ বেলাল প্লাজার নবনির্মিত একটি শপিংমলের কাপড়ের দোকানে তিনটি তালা কেটে চুরি ঘটনা ঘটেছে। এতে দোকানে রাখা নগদ টাকাসহ প্রায় নয় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পৌর এলাকায় শহীদ বেলাল প্লাজার বাসাবাড়ি বুটিকস অ্যান্ড আড়ং দোকানে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ বেলাল প্লাজার নবনির্মিত বর্ধিত অংশের দুই দিকে কলাপসিবল গেট এবং একজন প্রহরী রয়েছেন। মার্কেটের ভেতর অনেকগুলো দোকান রয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে প্রহরী চলে যান। বাসাবাড়ি বুটিকস অ্যান্ড আড়ং নামের একটি কাপড়ের দোকানের শাটারের তালা ভেঙ্গে চুরি করে চোরচক্র। তবে চুরিটি রহস্যজনক বলে জানান অন্য ব্যবসায়ীরা।
বাসাবাড়ি বুটিকস অ্যান্ড আড়ং-এর মালিক আমিনুল হক সুজন বলেন, ‘নতুন শপিংমলে দোকানটা সবেমাত্র চালু হয়েছে এবং সামনে ঈদুল ফিতর। তাই অনেক টাকার শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ও অন্যান্য মালামাল তুলেছিলাম।’
তিনি আরো জানান, সকাল পৌনে ৯টার দিকে দোকানে এসে তালা তিনটা ভাঙ্গা দেখেন। দোকানে চার শতাধিক থ্রি পিস, শতাধিক শাড়ি, ২২ পিস পাঞ্জাবি এবং প্রায় ৪৫ হাজার নগদ টাকা ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।
তিনি বলেন, ‘থানায় মৌখিক অভিযোগ করেছি। পুলিশ এসে দেখে গেছে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’



