সিলেটে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধন ১১ এপ্রিল

আয়োজনের অংশ হিসেবে পর্যাপ্ত স্টল স্থাপন করা হবে, যেখানে হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমই পণ্যমেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন
এসএমই পণ্যমেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

সিলেটে সাত দিনব্যাপী আঞ্চলিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্যমেলা আগামী ১১ এপ্রিল উদ্বোধন করা হবে। তাই মেলা আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম।

সভায় জানানো হয়, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১১-১৭ এপ্রিল সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার ও বিক্রয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

এ আয়োজনের অংশ হিসেবে পর্যাপ্ত স্টল স্থাপন করা হবে, যেখানে হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এ সময় মেলার বিভিন্ন স্টলে কৃষকদের প্রদর্শিত পণ্য বিক্রি না হলে সেটার ন্যায্য মূল্য আয়োজক কর্তৃক পরিশোধের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। মেলায় আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না।

আয়োজকরা জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দায়িত্ব প্রদান করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টি করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো: রাসেলুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রোবাইয়াৎ।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।