চাঁদপুরের ফরিদগঞ্জে আব্দুস ছাত্তার পাটওয়ারী বাড়ি থেকে মৈশাল বাড়ি পযর্ন্ত এক হাজার মিটার সড়ক এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন চাঁদপুর-৪ আসনের এমপি এম এ হান্নান।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নে দক্ষিণ লড়াইচর এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, ‘আমি জনপ্রতিনিধি হওয়ার পর এই প্রথম ১২ নম্বর ইউনিয়নে সর্বপ্রথম রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছি।’
তিনি জনগণকে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে এক সাথে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘নির্বাচন হয়ে গেছে, একেকজন একেক দলের ছিল, এখন সব ভুলে গিয়ে ভাই ভাই হিসেবে মিলেমিশে আমাকে কাজ করার সুযোগ করে দেয়ার অনুরোধ করি। এমন কিছু লোকজন আছে, যারা আজেবাজে মন্তব্য করেন। তা না করে গঠনমূলক সমালোচনা করা দরকার।’
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া, থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামছুল ইসলাম মন্টু, ১২ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান।



