গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু, আহত ১

নতুন টিনশেড ঘরের বেড়া নির্মাণকালে অসাবধানতাবশত টিনের আঘাতে বাড়ির আঙিনায় থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Gaffargaon
বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু |প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘর নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে সাকিব মিয়া (১২) ও রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)। সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত হয়েছেন শামছুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন টিনশেড ঘরের বেড়া নির্মাণকালে অসাবধানতাবশত টিনের আঘাতে বাড়ির আঙিনায় থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে সাকিব, আব্দুল জব্বার ও শামছুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাকিব ও আব্দুল জব্বারের মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।