জামালপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

মোতালেবের হুকুমে অন্যরা তাদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে আবেদীনের পেটের বাম পাশে আঘাত করে পিঠ পর্যন্ত ছিদ্র করে ফেলে।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড |প্রতীকী ছবি

জামালপুরে আক্তার হোসেন আবেদীন হত্যা মামলায় দু’জনের মৃত্যদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (৮ এপ্রিল) জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এই আদেশ দেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার মরহুম আজিজুর রহমানের ছেলে মো: মোতালেব হোসেন, মরহুম আইন উদ্দিন ফকিরের ছেলে মো: রশিদ জামাল।

এছাড়া আদালত আইন উদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। এ সময় একই উপজেলার আসাদ জামালের ছেলে খোরশেদ আলমকে মামলা থেকে খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো: দিদারুল ইসলাম দিদার জানান, ২০০৭ সালের ২২ মে সন্ধ্যা ৭টার দিকে মোতালেব হোসেন, রশিদ জামাল, আব্দুল লতিফ, সুরুজ মিয়া, আব্দুল হামেদসহ আরো তিন-চারজন দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর এলাকায় আক্তার হোসেন আবেদীনের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। সেই সময় আবেদীন বাড়ি না থাকায় তারা আবেদীনের স্ত্রীকে বলেন, আবেদীন বাড়িতে এলে আমাদের সাথে দেখা করতে বলবেন, গুরুত্বপূর্ণ কথা আছে।

রাত ৮টার দিকে আবেদীন বাড়ি এলে তার স্ত্রী তাকে মোতালেব হোসেন, রশিদ জামাল, আব্দুল লতিফ, সুরুজ মিয়া, আব্দুল হামেদের সাথে দেখা করতে বলেন। ওইদিন রাতে তাদের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হন আবেদীন। সবুজপুর দাখিল মাদরাসার মাঠের পাশে মোতালেবদের সাথে আবেদীনের দেখাও হয়।

এ সময় মোতালেবের হুকুমে অন্যরা তাদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে আবেদীনের পেটের বাম পাশে আঘাত করে পিঠ পর্যন্ত ছিদ্র করে ফেলে। আবেদীনের চিৎকার শুনে তার স্ত্রী ছালেহা বেগম ও মেয়ে কনিকা বেগমসহ কয়েকজন তাকে উদ্ধার করে দেওয়ানঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন (২৩ মে) নিহত আবেদীনের ছেলে মো: সাইফুল ইসলাম দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্য ও আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আজ বুধবার দু’জনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।