ময়মনসিংহের ত্রিশালে বাবার বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশু হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু লাবিব তার মায়ের সাথে নানাবাড়িতে বসবাস করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাবিবের বাবা সোহাগ দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। একাধিক বিয়ের কারণে পারিবারিক কলহের জেরে লাবিবের মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
বুধবার বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে গিয়ে ছেলে লাবিবকে সাথে করে নিয়ে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের একটি স্থানে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে তার বাবা হত্যা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



