ঈদুল ফিতরের পর বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনের প্রচারণা শুরু করেছেন জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল।
বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগের একপর্যায়ে খামারকান্দী গ্রামে উঠান বৈঠকে মিলিত হয়ে উপস্থিত ভোটারদের উদ্দেশে আবিদুর রহমান সোহেল বলেন, ‘বগুড়ার উন্নয়নের জন্য একজন সৎ, যোগ্য ও দক্ষ মানুষের সংসদে যাওয়া জরুরি। সৎ মানুষ ছাড়া সরকারি অর্থের লোপাট বন্ধ করা সম্ভব হবে না। যারা সন্ত্রাসী, চাঁদাবাজদের লালন করেন তাদের দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করা যাবে না।’
তিনি আরো বলেন, ‘এসব অপকর্ম বন্ধ করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নাই। আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে আমরা আপনাদেরকে একটি শান্তির বগুড়া উপহার দেবো ইনশাআল্লাহ।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, রাজাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবু হোসেন, রুহুল আমিন মিস্টার প্রমুখ।



