নিরাপদে ছেড়েছেন কক্সবাজার মেসুত ওজিল

রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Cox's Bazar
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল |সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়লেও বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির ছেলে রজব তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস সাংবাদিকদের জানান, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা সুস্থ আছেন, তারা আহত হননি এবং সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন। ক্যাম্প থেকে ফেরার পথে গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সাথে একটি অটোরিকশার ধাক্কা লেগেছিলো, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মেসুত ওজিলের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে আসেন মেসুত ওজিল ও তার সফরসঙ্গীরা। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।

আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের মুখপাত্র মুজিবুর রহমান বলেন, মেসুত ওজিলের এই সফর রোহিঙ্গা তরুণদের অনুপ্রাণিত করবে। আমরা তার আগমনে খুশি। তিনি আমাদের সাথে দারুণ সময় কাটিয়েছেন।