চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে অভিযান চালিয়ে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বারসহ আলঙ্গীর খান (৫৫) নামের এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টায় পৌর শহরের দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলঙ্গীর খান দর্শনা পৌর মোবারক পাড়ার মরহুম বাদল খানের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়, দর্শনার সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে বিশেষ টহল দল আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবস্থান নেয়। সকাল ৫টা ৫০ মিনিটে এক ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তে ঘোরাফেরা করতে দেখে বিজিবির সন্দেহ হয়। এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে থামার জন্য সিগন্যাল দেয়, কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে চোরাচালানি পণ্য না থাকার কথা বললেও দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো স্কচ টেপ দ্বারা মোড়ানো দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ভেতর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে স্বর্ণের বারগুলোর মোট এক কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
বিজিবি আরো জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে রিয়েলমি কোম্পানির একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



