মেহেরপুর-১ আসনে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্বাস্থ্য খাতে ষাটোর্ধ ও পাঁচ বছরের নিচের সকল নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সদর ও মুজিবনগর হাসপাতালকে আধুনিকায়ন করা, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও দক্ষ জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহের কথাও বলা হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
হোটেলে ইশতেহার পাঠ করেন জামায়াত প্রার্থী
হোটেলে ইশতেহার পাঠ করেন জামায়াত প্রার্থী |নয়া দিগন্ত

কৃষি, স্বাস্থ্যসেবা ও পুষ্টি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, নারীদের অধিকার ও উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ন গড়ার প্রত্যয়ে মেহেরপুর-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে কৃষকদের জন্য সুদবিহীন ঋণ প্রদান, কৃষিকে আধুনিকীকরণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিপণ্য সংরক্ষণে উন্নত প্রযুক্তির হিমাগার স্থাপন ও গুদামজাতকরণ, রফতানির ব্যবস্থা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে সহায়তা ও পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করা হয়ছে।

স্বাস্থ্য খাতে ষাটোর্ধ ও পাঁচ বছরের নিচের সকল নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সদর ও মুজিবনগর হাসপাতালকে আধুনিকায়ন করা, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও দক্ষ জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহের কথাও বলা হয়েছে।

শিক্ষা খাতে গবেষণাভিত্তিক শিক্ষা ও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক দ্রুত এমপিওভুক্ত করা এবং আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে।

যুব উন্নয়নে ‘যুবকরা আপদ নয়, জাতীয় সম্পদ’ স্লোগান তুলে ধরে গ্র্যাজুয়েটদের জন্য দুই বছর মেয়াদি ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান এবং আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে।

এছাড়াও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রেললাইন স্থাপন এবং স্থলবন্দর নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারীর অধিকার ও উন্নয়নে নারী নির্যাতন, যৌন হয়রানি ও সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন, শিল্পকারখানা ও অফিসে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবে বিসিক শিল্পনগরীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা, তিন বছরের জন্য শিল্পখাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ, টেকসই ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার কথা বলা হয়। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সকল সেবা দ্রুত নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিনের সঞ্চালনায় ইশতেহার ঘোষণার আগে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, খেলাফত মজলিসের জেলা সভাপতি শাহ আলমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।