নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদীর শিবপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে হরতাল পালন করতে গিয়ে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে নরসিংদী ও নারায়ণগঞ্জে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা হিসাবে অংশ নেন। ২০১৮ সালে গণতান্ত্রিক আন্দোলনে ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নরসিংদী-৩ আসন থেকে জাতীয়তাবাদী দল মনোনীত চারদলীয় ঐক্যজোটের ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। নরসিংদী মহকুমা গ্রাম সরকারের সাবেক নির্বাচিত প্রধানও ছিলেন তিনি।



